ফোনে হুমকির পর এবার রণবীর সিংয়ের বাড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

khurshed | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৬ - ০৪:৩২:৪৪ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডে আবারও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার রাতের দিকে জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের কাছে হুমকি ফোন আসে, যার মধ্যে তাকে ১০ কোটি টাকা দেওয়ার দাবি জানানো হয়। এ ঘটনার পর থেকেই তার বাড়ি ও আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, এই হুমকির পেছনে সন্দেহ করা হচ্ছে বিখ্যাত বিষ্ণোই গ্যাংকে।

বলি তারকাদের লক্ষ্য করে বন্দুকধারী হামলা এবং হুমকি ফোনের ঘটনা নতুন নয়। এর আগে জনপ্রিয় গায়ক বি প্রাকও একইভাবে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেয়েছিলেন। টাকা না দিলে প্রাণনাশের ভয় দেখানো হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ও সম্প্রতি মুম্বইয়ে দিশা পাটানির পৈতৃক বাড়ি ও পরিচালক রোহিত শেট্টির বাড়িতেও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। দীর্ঘদিন ধরে সলমন খান এই গ্যাংয়ের নজরে থাকলেও তার ওপর সরাসরি হামলা বা হুমকি আসেনি। এবার সেই তালিকায় নাম যুক্ত হয়েছে রণবীরেরও।
সূত্রের বরাতে জানা গেছে, রণবীর ও দীপিকা পাড়েখানার নিরাপত্তা নিশ্চিত করতে ছ’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। প্রত্যেক নিরাপত্তারক্ষীর সঙ্গে আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে এই ব্যবস্থাকে ঘিরে প্রতিবেশীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, এভাবে সশস্ত্র নিরাপত্তা মোতায়েন করলে সাধারণ মানুষের জীবনেও প্রভাব পড়তে পারে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

বর্তমানে রণবীরের ক্যারিয়ার চূড়ান্ত সাফল্যের দিকে এগোচ্ছে। ‘ডন ৩’-এর কাজের পাশাপাশি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ছবিও শিগগিরই মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে তার পেশাদার জীবন সমৃদ্ধ হলেও হুমকি ফোনের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

 

 

খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad