নিউজ ডেক্স : বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স দেশের প্রতিভার গভীরতা প্রমাণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, দেশের ঘরোয়া ক্রিকেট এখনো খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারেনি।
সোমবার রংপুর রাইডার্স–বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ফাহিম বলেন, দেশের ভেতরে মানসম্পন্ন ক্রিকেট আয়োজন করতে না পারার কারণেই বিদেশি বড় ফ্র্যাঞ্চাইজি লিগের ওপর নির্ভরতা তৈরি হয়েছে।ফাহিম বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনো দেশের ভেতরে এমন মানের ক্রিকেট আয়োজন করতে পারিনি, যা আমাদের খেলোয়াড়দের প্রয়োজন।
সে কারণেই বিদেশের বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ওপর কিছুটা নির্ভর করতে হচ্ছে।’ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আলাদা দুটি আইএলটি২০ ম্যাচে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার একদিন পর এসব মন্তব্য করেন বিসিবি কর্মকর্তা। ফাহিমের মতে, এ ধরনের লিগে ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের। তিনি বলেন, মুস্তাফিজুর রহমানের সাফল্য কেবল ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের সামগ্রিক পেস আক্রমণের মানও তুলে ধরে।
‘আমি যদি মুস্তাফিজকে ১০-এর মধ্যে ১০ দিই, তাহলে তানজিম সাকিবকে সাড়ে আট বা নয়-এর নিচে দেওয়া যায় না,’ বলেন ফাহিম। তার মতে, বর্তমানে বাংলাদেশের চার থেকে পাঁচজন ফাস্ট বোলার প্রায় একই মানের পারফরম্যান্স দিচ্ছেন। ফাহিম আরো জানান, কিছু পেসার আন্তর্জাতিকভাবে ততটা পরিচিত নন, কারণ তারা এখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাননি। তবে এতে তাদের সক্ষমতা কমে যায় না বলে তিনি মনে করেন। ‘শুধু ফ্র্যাঞ্চাইজি লিগে না খেললেই যে কেউ পিছিয়ে, এমনটা নয়। আমরা বোর্ড হিসেবে তাদের সক্ষমতা সম্পর্কে অবগত,’ বলেন ফাহিম।
কুইক টিভি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:১৬