বিশ্বকাপে খেলার লক্ষ্যে নতুন চুক্তিতে বড় অগ্রগতি নেইমারের

Mohon | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ০২:৪২:৪৮ পিএম

নিউজ ডেক্স : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে ক্রীড়া ভিত্তিক একাধিক গণমাধ্যম। এর ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত শৈশবের ক্লাবেই থাকার সম্ভাবনা জোরালো হয়েছে তার।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ফের নিয়মিত ফুটবলে ফিরলেও, চলতি মাসের শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

নেইমারের প্রতি আগ্রহ দেখিয়েছিল একাধিক ক্লাব, যার মধ্যে লিওনেল মেসির ইন্টার মায়ামির নামও শোনা যায়। তবে সব প্রস্তাব উপেক্ষা করে সান্তোসেই থাকতে চান নেইমার। গত মৌসুমে তার অবদানে সান্তোস শীর্ষ লিগে টিকে থাকে।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চায় সেলেসাও। আর সেই স্বপ্ন পূরণে নেইমার থাকবেন কি না, তা নির্ভর করছে সামনের কয়েক মাসে তার পারফরম্যান্স ও ফিটনেসের ওপর।

 

 

কুইক টিভি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪২

▎সর্বশেষ

ad