ইতালিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলে ইতিহাস গড়া বার্নস দল থেকে বাদ

Mohon | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ১২:০৯:৪১ পিএম

নিউজ ডেক্স : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি। ইতিহাসে প্রথমবারের মতো দলটিকে বিশ্বকাপে তুলে আনার নায়ক হলেও, সেই আসরে ইতালির স্কোয়াডে থাকছেন না সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস।

মঙ্গলবার এক বিবৃতিতে ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন (এফআইসি) জানায়, বার্নসের প্রাপ্যতা ও চুক্তি নিয়ে আলোচনার পর দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তাকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই ঘোষণায় ফেডারেশন জানায়, ইতালির পুরুষ টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেন। আসন্ন আয়ারল্যান্ড সফর থেকেই তিনি নেতৃত্ব দেবেন এবং বিশ্বকাপের মূল পর্বেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বার্নসের জায়গায় এলেন ম্যাডসেন।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, দলীয় স্থিতিশীলতা, ঐক্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ কারিগরি ও সাংগঠনিক মূল্যায়নের পর বর্তমান পরিস্থিতিতে ম্যাডসেনকেই সবচেয়ে উপযুক্ত নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। ফেডারেশন জানিয়েছে, ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো মন্তব্য না করে তারা এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে ঐতিহাসিক এই টুর্নামেন্টের প্রস্তুতিতে।

 

 

কুইক টিভি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০৯

▎সর্বশেষ

ad