চার বছরে পাকিস্তান টেস্ট দলের ৭ হেড কোচ

Anima Rakhi | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ১০:৩৯:৫১ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট দলের হেড কোচের পদ যেন মিউজিক্যাল চেয়ার। নতুন করে আজহার মাহমুদকে টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত, কিন্তু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তা আগেই শেষ করা হলো।

২০২১ সালের পর মাত্র চার বছরে পাকিস্তান টেস্ট দলের সাতজন হেড কোচ বদল করেছে। নতুন কোচ নিয়োগের তৎপরতা এখনও দেখা যায়নি। বর্তমানে পাকিস্তান টেস্ট দলের হেড কোচ খোঁজার প্রক্রিয়া চলছে। এই সময়কালে কোচিং কাঠামোও একাধিকবার পরিবর্তিত হয়েছে; মোহাম্মদ হাফিজ এবং মিকি আর্থার টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত চার বছরে পাকিস্তানের টেস্ট দলে হেডকোচ ছিলেন সাকলেইন মুশতাক, আবদুল রহমান, গ্রান্ট ব্র্যাডবার্ন, মোহাম্মদ হাফিজ, আজহার মাহমুদ, জেসন গিলেসপি ও আকিব জাভেদ। 

আজহার মাহমুদ ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে মাত্র একটি টেস্ট সিরিজ নেতৃত্ব দিয়েছেন। ঘরের মাঠে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই সিরিজটি ১-১ ড্র হয়েছিল। 

এ নিয়ে তিনি ইএসপিএনকে বলেছেন, ‘পিসিবি আমাকে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দিয়েছিল, আমি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তা পালন করেছি। এখন আমার চুক্তি শেষ হয়েছে, ভবিষ্যতে দলের সাফল্যের জন্য শুভকামনা।’

আজহার মাহমুদের এটি পাকিস্তান দলের দ্বিতীয় দফা কাজ। এর আগে ২০১৬-২০১৯ সালে তিনি মিকি আর্থারের কোচিং স্টাফে বোলিং কোচ ছিলেন। বর্তমানে তিনি আইএলটি২০ লিগের ডেজার্ট ভাইপার্স দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন এবং ধারণা করা হচ্ছে, তিনি আবারও ফ্র্যাঞ্চাইজি ও লিগভিত্তিক ক্রিকেটে কোচিং ভূমিকা গ্রহণ করবেন।

অনিমা/১৭ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:২৩

▎সর্বশেষ

ad