
ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করা হয়েছে। নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনার পাশাপাশি গত মন্ত্রিসভার বড় অংশ কেন বাদ পড়ল তা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। পুরনো মন্ত্রীদের বাদ পড়ার কারণ নিয়ে বুধ ও বৃহস্পতিবার সারা দিন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন দেশ রূপান্তরের এ প্রতিবেদক। জানা গেছে, বিদায়ী মন্ত্রিসভায় যেসব সদস্য দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং একই সঙ্গে বেফাঁস মন্তব্য করে সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন, তারাই মূলত বাদ পড়েছেন।
২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এরপর ২০২০ সালে বৈশ্বিক করোনার ঢেউ আঘাত হানে, এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার নানান দুর্বলতা ফুটে উঠেছিল। সে সময়ে দেশের বাইরে থেকেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ বিষয়টি প্রধানমন্ত্রী ভালো চোখে দেখেননি। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়কেন্দ্রিক সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যেও মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জাহিদ মালেকের পরিবারের সদস্যদের মন্ত্রণালয়ে ‘দখলদারিত্বও’ তাকে বাদ দেওয়ার কারণ বলে জানা গেছে।
স্বাস্থ্যের নানান অনিয়ম নিয়ে সংসদ ও সংসদের বাইরে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। করোনাকালে করোনা টিকা, করোনা কিট কেনার নানান অনিয়মের অভিযোগ ওঠার পাশাপাশি টানা দুই মেয়াদে প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালনের পরও স্বাস্থ্য খাতকে জনমুখী করতে ব্যর্থ হওয়ায় জাহিদ মালেক বাদ পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর একজন সদস্য।
কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:২৮





