
আন্তর্জাতিক ডেস্ক : গত ৫০ বছরের মধ্যে প্রথমবার আফ্রিকার মাটিতে বার্ষিক বৈঠক করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব ব্যাংক। এজন্য সোমবার (৯ অক্টোবর) মরক্কোয় জড়ো হয়েছেন দুই সংস্থার কর্মকর্তারা। আইএমএফ ও বিশ্ব ব্যাংক ঐতিহ্যগতভাবে প্রতি তিন বছরে ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বার্ষিক সমাবেশ করে।
২০২১ সালে দক্ষিণ মরক্কোর শহর মারাকেশ বৈঠকটি আয়োজন করার কথা ছিল। কিন্তু কভিড-১৯ মহামারির কারণে সমাবেশটি দুইবার স্থগিত করা হয়। গত মাসে দক্ষিণ মারাকেশে একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে। খবর এএফপি ও বাসসের।
১৯৭৩ সালে আফ্রিকায় সর্বশেষ বৈঠক করে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক। বৈঠকটির আয়োজক ছিল কেনিয়া। কিছু দেশ তখনও ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। অর্ধ শতাব্দী পর মহাদেশটি সংঘাত থেকে শুরু করে সামরিক অভ্যুত্থান, নিরবচ্ছিন্ন দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা গত সপ্তাহে আবিদজানে এক বক্তৃতায় বলেছেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির জন্য একটি সমৃদ্ধ আফ্রিকার প্রয়োজন। একটি প্রতীকী পদক্ষেপে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক আফ্রিকাকে তাদের নির্বাহী বোর্ডে তৃতীয় আসন দিতে চায়, যাতে মহাদেশটি ‘শক্তিশালী কণ্ঠস্বর’ পায়।
কিউটিভি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২১






