
ডেস্ক নিউজ : নির্বাচনকে সংঘাতহীন করতে সব দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (৮ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পর্যবেক্ষক দল জানতে চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? আমরা তাদের জানিয়েছি, সুষ্ঠু নির্বাচন হবে, তবে সংঘাতহীন হবে কি না তার নিশ্চয়তা দিতে পারছি না। এ জন্য সব দলকে সহযোগিতার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে। তবেই, সংঘাতহীন নির্বাচন হবে।
তিনি আরও বলেন, বিএনপি মানুষের সঙ্গে সম্পৃক্ত না। ২০১৪ সালে তারা নির্বাচন বয়কট করেছে, ২০১৮ সালে তারা এক আসনে একাধিক প্রার্থী দেয়ায় ভরাডুবি হয়েছে। এবার আমরা একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবো। এজন্য, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে, জাল ভোট যেন না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে, গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হয়েছে- যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে যান ছয় সদস্যের মার্কিন পর্যবেক্ষক দল। সন্ধ্যায় সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। সোমবার (৯ অক্টোবর) আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবে দলটি। ৭ দিন অবস্থানকালে পর্যায়ক্রমে সরকারি সংস্থা, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তারা।
কিউটিভি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫০






