
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও হামাসের চলমান যুদ্ধের প্রেক্ষিতে দেশজুড়ে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। সেইসঙ্গে ১০ জনের বেশি লোকজনের জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। রোববার ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, দক্ষিণাঞ্চলের নেতানিয়া এবং মধ্যাঞ্চলের নেগেভে ব্যবসা প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে। এ দুই এলাকার নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রে সাধারণ জনগণের যাওয়ার সুযোগ নিশ্চিত করা গেলেই কেবল ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা যাবে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, বাড়ির বাইরে ১০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বাড়ির ভেতরেও ৫০ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। জারি করা নতুন এসব নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে হামাসের সঙ্গে তীব্র লড়াই অব্যাহত থাকায় এসব নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছে আইডিএফ।
কিউটিভি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৪






