
আন্তর্জাতিক ডেস্ক : হামাসের আকস্মিক হামলার জবাবে গাজা উপত্যকায় পালটা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করার আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকার বেসামরিক বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।
গাজা উপত্যকার সাতটি ভিন্ন ভিন্ন এলাকার নাগরিকদের নিজেদের ঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। তারা জানিয়েছে যে, সেসব এলাকায় হামাসের ঘাঁটি রয়েছে, সেখানে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। ইসরাইলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেওয়া শুরু করেছে বলে বিবিসিকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রতিশোধের হুমকি দিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সবশেষ ভিডিওবার্তায় বলেছেন যে, তাদের ‘শত্রুকে এর চূড়ান্ত মূল্য দিতে হবে, যা তাদের আগে কখনো দিতে হয়নি।’এই হামলাকে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ হিসেবে বিবৃত করেছেন হামাসের শীর্ষ কমান্ডার মোহাম্মেদ দেইফ। এক বিবৃতিতে তিনি বলেছেন যে, ‘আমরা শত্রুদের এর আগেই সতর্ক করেছি। তারা শত শত বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। তাদের অপরাধের জন্য শত শত মানুষ শহিদ হয়েছে।’
কিউটিভি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫২






