
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অধিকৃত তিন স্থানে বোমা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর জবাবে লেবাননেও পালটা ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। খবর আলজাজিরার। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় ইসরাইলের দখল করা তিনটি স্থানকে লক্ষ্য করে হামলা চালাই। রাডার সাইট, জিবদিন এবং রুওয়াইসাত আল-আলম’ এ ব্যাপক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে বোমাবর্ষণ করা হয়েছিল।
এর পর লেবানন সীমান্তে ড্রোন হামলা চালায় ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তাদের একটি ড্রোন লেবাননের সীমান্তে মাউন্ট ডোভ এলাকায় ‘হিজবুল্লাহর একটি অবকাঠামোতে আঘাত করেছে।’লেবাননের রাজধানী বৈরুত থেকে আলজাজিরার প্রতিবেদক জেইনা খোদর বলেছেন, ইসরাইলের উত্তর দিকে হিজবুল্লাহর হামলা ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান উত্তেজনাকে আরও খারাপ করতে পারে।
তিনি আরও বলেন, ‘লেবাননের সব সশস্ত্র গোষ্ঠীকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। লেবাননে হামাসের মিত্র আছে, সব দলই ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি।’শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এর মধ্যে হামাসের হামলায় ৩০ জন পুলিশ কর্মকর্তাসহ ২৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ইসরাইলে প্রথমে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের ওপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের ওপর এ হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।
কিউটিভি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৫






