সাকিব-মিরাজে মুগ্ধ রমিজ রাজা

Ayesha Siddika | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ - ০৩:১৫:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। ক্ষুরধার নেত্রিত্বের পাশাপাশি বল হাতেও এই জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান। এই দুইজনকে স্তুতির জোয়ারে ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।

ধর্মশালায় শনিবার আফগানিস্তানকে ১৫৬ রানে থামিয়ে ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। বল হাতে ৯ ওভারে ৩ মেডেনসহ ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মিরাজ। এরপর ব্যাট হাতে খেলেন ৫৭ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা মিরাজ যেখানেই সুযোগ পাচ্ছেন, নিজেকে মেলে ধরছেন।

নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’–এ রমিজ বলেন, ‘৩ উইকেটে নেওয়ার পাশাপাশি ৫০ রান করা মেহেদী হাসানের মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়।’

মিরাজ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে বলে সাবেক পিসিবি সভাপতি যোগ করেন, ‘এর আগে ভারতের বিপক্ষে ঘরের মাঠে এক–দুই ইনিংসে সে দারুণ খেলেছিল। এর পর থেকে সে আর পেছন ফিরে তাকায়নি। তার পারফরম্যান্স খুবই নিখুঁত। বোলিংও সে আত্মবিশ্বাসের সঙ্গে করে। তার বোলিং অ্যাকশনও খুব সুন্দর। এই ম্যাচে দারুণ অফ স্পিন করেছে সে। ৩ উইকেটের সঙ্গে ৫০ রান—এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ছন্দে থাকা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’

আফগানিস্তান শিবিরে প্রথম দুই ছোবল দেন। এরপর নেন আরও একটি উইকেট। কঠিন পরিস্থিতিতে দলকে সাকিবের পথ দেখানোর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে।’

সাকিবের অধিনায়কত্বের প্রশংসা করে বলেন, ‘সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগআউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। খুবই ভালো পারফরম্যান্স।’

এই জয় বাংলাদেশকে সামনের ম্যাচগুলোতেও বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন রমিজ, ‘আর সামনে এই জয়টা নিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী বোধ করবে। পাশাপাশি এটাও অনুভব করবে যে বিশ্বকাপে তারাও আছে। সব মিলিয়ে খুবই দৃঢ় পারফরম্যান্স। আর যে বড় ব্যবধানে তারা আফগানিস্তানকে হারিয়েছে, নেট রান রেটেও অনেক সুবিধা পাবে।’

 

 

কিউটিভি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad