
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে গাজা উপত্যকা থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে অনুপ্রবেশ করে হামলার পর এবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে মর্টার শেল ছোড়ার তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে তারাও।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আল আরাবিয়া ও টাইমস অব ইসরায়েল।
বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্স) লেবাননের সেই এলাকায় আর্টিলারি আক্রমণ করছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “আইডিএফ এই ধরণের সম্ভাবনার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে যে কোনো সময়ে কাজ চালিয়ে যাবে।”
লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কাফার শুবার অঞ্চলের আশেপাশে লক্ষ্য করে আর্টিলারি হামলা চালাচ্ছে।
ইসরায়েল লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছে।
এদিকে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের বোমা হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
রোববার (৮ অক্টোবর) এ বৈঠক ডাকার কথা এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। খবর আল-জাজিরা।
তিনি বলেন, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। তিনি উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।
কিউটিভি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৫১






