ফরিদপুর বিভাগীয় বিএনপির রোডমার্চের সমাপনি অনুষ্ঠান হবে শরীয়তপুরে

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ - ০৫:০৮:৫৫ পিএম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোসহ সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশের বিভাগগুলোতে প্রধান বিরোধী দল বিএনপির বিভাগীয় রোডমার্চ চলছে। এরই অংশ হিসেবে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। রোডমার্চ শেষে সমাবেশ হবে শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ (শরীয়তপুর) স্টেডিয়ামে।

দীর্ঘ দিন পরে কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মোটরসাইকেল শো-ডাউনসহ দফায় দফায় শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে শরীয়তপুরের অলিগলি। সমাবেশকে কেন্দ্র করে শরীয়তপুর স্টেডিয়ামকে বর্নিল সাজসজ্জায় রূপ পরিবর্তণ করা হয়েছে। সমাবেশ কে ঘিরে রয়েছে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন স্থরের নিরাপত্তা। কাজ করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শরীয়তপুর জেলা বিএনপি সূত্রে জানাগেছে, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শুরু হয়েছে। রাজবাড়ি জেলার গোয়ালন্দ থেকে শুরু হয়ে ফরিদপুর-রাজবাড়ি বাইপাস সড়ক, ফরিদপুরের তালমা, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও মাদারীপুর জেলার টেকের হাটে একটি করে পথসভা করে সর্বশেষ শরীয়তপুরে এসে নেতৃবৃন্দ সমাপনী জনসভায় বক্তব্য রাখবেন।

বিএনপি, যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই রোড মার্চে অংশ নিয়ে শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেত হবে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু জনসভা পরিচালনা করবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু সমাবেশ স্থল থেকে বলেন, আমরা সমাবেশ করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে শরীয়তপুর সরকারী কলেজ মাঠ চেয়েছিলাম। প্রশসনের পক্ষ থেকে খুব সহযোগিতা পেয়েছি। তারা আমাদের সমাবেশের জন্য শরীয়তপুর স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছেন। শরীয়তপুরের রাস্তাঘাট ভালোনা, অপর দিকে বৈরী আবহাওয়া চলছে। সবকিছু উপেক্ষা করেও সমাবেশে ৩০ থেকে ৪০ হাজার নেতা-কর্মীদের সমাবেশ হবে।

মঞ্চের সামনে শ্লোগান দিতে দেখা গেছে জেলা যুবদলের নেতা-কর্মীদের। সেই সময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির মাঝি, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি কেএম রফিকুল ইসলাম পিন্টু উপস্থিত ছিলেন। শরীয়তপুর পুলিশের সুপার মো: মাহবুবুল আলম বলেন, বিএনপি তাদের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা চেয়ে আবেদন করেছে এই বিষয়টি আমি জেনেছি। বিএনপির রোড মার্চের সমাপনি অনুষ্ঠানে পুলিশ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রস্তুত থাকবে।

 

কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad