কৃষি মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের অর্থ বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ - ০৮:৫৪:৫৯ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্তদের পাশে দাঁড়াতে সরকার, রাজনৈতিক সংগঠন, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান ও সক্ষম মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর,সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান প্রমূখ। অনুষ্ঠানে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়িকে জামায়াতের পক্ষ থেকে প্রায় ছয় লাখ টাকা অনুদান হিসাবে বিতরণ করা হয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী, গণতান্ত্রিক ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। তাই প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা আমাদের সাধ্যমত জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সে ধারাবাহিকতা আজ আমরা সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের দুঃখের ভাগীদার হওয়ার চেষ্টা করেছি। মূলত, যেকোনো দুর্যোগকালীন মূহুর্তে জনগণের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন। তাই গণমানুষের যেকোনো সমস্যার সমাধান ও আর্তমানবতার মুক্তির জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে কুরআনের রাজ প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি সৃষ্ট দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে বলেন, দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত থাকলে যাকাত ভিত্তিক দুর্যোগ ফান্ড গঠন করা হতো। সে ফান্ড থেকেই ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহায়তা পেতো। দেশে সরকারিভাবে রিলিফ ফান্ড থাকলেও তা দেশের মানুষের কল্যাণে তেমন কোনো কাজে আসে না বরং লুটপাট ও চুরির মাধ্যমেই শেষ হয়ে যায়। তাই গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্য দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি সেই শান্তির সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

 

কিউটিভি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৪

▎সর্বশেষ

ad