
ডেস্ক নিউজ : সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে গণমিছিল নিয়ে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিলে আগে সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। এতে বক্তব্য দিচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এদিকে, তাদের সমাবেশ ও মিছিল ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার বেলা তিনটার দিকে দয়াগঞ্জ ও এর আশপাশের সড়কে বিএনপির নেতাকর্মীদের অবস্থান দেখা যায়। দয়াগঞ্জে তিন রাস্তার মোড় থেকে মিছিল শুরু করবেন দলটির নেতাকর্মীরা। খিলগাঁও চৌরাস্তায় গিয়ে এই মিছিল শেষ হবে। জুমার নামাজের পর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণমিছিলে জড়ো হন। তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করার কথা থাকলে অবস্থা সংশ্লিষ্টরা জানান, বিকেল চারটায় তা শুরু হবে। গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।
এছাড়াও একই সময়ে গুলশান-২ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করে। এটি গুলশান-১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মহানগর উত্তর বিএনপির নেতারা। পৃথক দুটি গণমিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেবেন।
গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। এই এক দফার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এরপর তারা গত ২৮ জুলাই যুগপৎভাবে ঢাকায় মহাসমাবেশ, ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং ঢাকায় গত ১১ আগস্ট গণমিছিল করেছে।
কিউটিভি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৭






