
ডেস্ক নিউজ : সরকারের পদত্যাগের দাবিতে আজ বিকেলে রাজধানী ঢাকাসহ সারাদেশে মহানগরগুলোতে গণমিছিল করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। শুক্রবার (১৮ আগস্ট) বেলা ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর পৃথক স্থান থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য মহানগরে একই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকার পতনের এক দফার আন্দোলনে এটি দলটির চতুর্থ কর্মসূচি।
জানা গেছে, আজ ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বিকেল ৩টায় গুলশান ২ থেকে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে।
ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের এক দফা যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ।
কিউটিভি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪৫






