বিরাজনীতিকরণে ভোটকেন্দ্রে যেতে চায় না ভোটাররা: জিএম কাদের

Ayesha Siddika | আপডেট: ১৭ জুলাই ২০২৩ - ০৭:৪২:৩১ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বিরাজনীতিকরণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে চায় না। এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। বঞ্চনা, বৈষম্য ও বিভাজন থেকে আমরা যে মুক্তি চেয়েছিলাম তা পায়নি। মুক্তি ও দেশের মালিকানা পেতে সাধারণ মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহসভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এখন দেশে বিরাজনীতিকরণ চলছে। জনগণের কাছ থেকে রাজনীতি দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি রাজ প্রাসাদে নেওয়া হয়েছে। কি হবে আর কি না হবে তা রাজ প্রাসাদেই সব সিদ্ধান্ত হচ্ছে। সব সিলেকশন সেখানেই হচ্ছে। দেশের মালিক যে জনগণ তা অস্বীকার করছে সরকার। জনগণের হাতে কোনো ক্ষমতায় নেই। মানুষ ভোট দিতে গেলে ভোট দিতে পারে না। ভোটারদের ভোটে ফলাফল নির্ধারণ হয় না। একারণেই দেশের মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। দেশের মানুষ প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। আবার সরকারের সমালোচনাও করতে পারছে না।

তিনি আরও বলেন, সরকারের সমালোচনা অধিকার নয়, এটি কর্তব্য। দেশের মানুষ এ কর্তব্য থেকেও বঞ্চিত হচ্ছে। নিবর্তনমূলক নানা আইন-কানুন দিয়ে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। নিষ্ঠুর নির্যাতন ও নিবর্তনমূলক আইনের ভয়ে দেশের মানুষ মাঠে নামতে পারে না। মন খুলে তাদের দাবি জানাতে পারে না। এ কারণে দেশের মানুষ সবসময় ভীতসন্ত্রস্ত। দেশের মানুষ হতাশ হয়ে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

বিরাজনীতিকরণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে চায় না। এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। বঞ্চনা, বৈষম্য ও বিভাজন থেকে আমরা যে মুক্তি চেয়েছিলাম তা পাইনি। মুক্তি ও দেশের মালিকানা পেতে সাধারণ মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল। দেশের মানুষ স্বাধীন রাষ্ট্র পেলেও মুক্তি ও দেশের মালিকানা পায়নি।

 

 

কিউটিভি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad