প্রহসন ও প্রতারণা বিএনপির অপরাজনীতির নীতি: কাদের

Ayesha Siddika | আপডেট: ১১ জুন ২০২৩ - ০৮:০৪:৩১ পিএম

ডেস্ক নিউজ : রোববার (১১ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, কপটতা, শঠতা ও প্রতারণাপূর্ণ রাজনৈতিক কৌশলের জন্য জনগণ বিএনপির ওপর আস্থা হারিয়েছে। গণতন্ত্র, সংবিধান ও মানুষের ভোটাধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ কখনও জনগণের সঙ্গে প্রতারণা করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ ও এ দেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মির্জা ফখরুল বরাবরের মতো ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। একমাত্র বিএনপি ও তাদের ঘিরে থাকা অগণতান্ত্রিক শক্তির কাছে তত্ত্বাবধায়ক সরকার লাইভ ইস্যু হলেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন সব মানুষের কাছে তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু।

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালত অনেক আগেই ফয়সালা দিয়েছেন। বিএনপি নেতারা যতই আহাজারি করুক, মৃত এ সত্তার জীবিত রূপ আর ফিরে আসবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এ দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পাহারাদার অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা হবে না,’ বলেন তিনি।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১০ ভাগের বেশি আসন পায়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সেই দুঃস্বপ্নের ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আসন প্রাপ্তি নিয়ে পাগলের প্রলাপ বকছে। এ দেশের জনগণ তাদের ভবিষ্যৎ নিরাপদ করতে বারবার শেখ হাসিনার নেতৃত্বকে বেছে নিয়েছে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপ নিয়ে উদ্ভট ও মনগড়া বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে কাদের আরও বলেন, তারা যতদিন এ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত এবং নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা থেকে বিরত না হবে, ততদিন পর্যন্ত সংলাপের কোনো প্রশ্নই আসে না।

 

 

কিউটিভি/আয়শা/১১ জুন ২০২৩,/রাত ৮:০৩

▎সর্বশেষ

ad