রাজপথে ১৭ জন মানুষ বুকের রক্ত দিয়েছে: মির্জা ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০৩ জুন ২০২৩ - ০৫:১০:২৪ পিএম

ডেস্ক নিউজ : সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিমধ্যে রাজপথে ১৭জন মানুষ তার বুকের রক্ত দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গুম হয়েছে। তারপরও মানুষ থেমে নেই। মানুষ গণতন্ত্রের জন্য অবিরাম সংগ্রাম করছে, লড়াই করছে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না দাবি করে ফখরুল বলেন, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাজমেরী এস এ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সাবেক শিক্ষক অধ্যাপক আবদুস সাত্তার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত আলোকচিত্রী নুর উদ্দিন আহমেদ নূরু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য নাদিয়া পাঠান পাপন জিয়াউর রহমানের ওপর সৈয়দ এমরান সালেহ প্রিন্সের লেখা কবিতা ‘আমি একজন মহাযোদ্ধার কথা বলছি’ আবৃত্তি করেন।

শিল্পী আবদুস সাত্তার, আলোকচিত্রী নুর উদ্দিন আহমেদ, বুলবুল আহমেদ, রুস্তম আলী প্রামানিক, আনোয়ার হোসেন জনি, আলী আহসান নিশান, ইকবাল আহমেদ তনু, শহীদুল ইসলাম, খায়রুল আলম তোহাসহ চিত্রাঙ্গন অংশগ্রহণকারী এবং জিয়া স্মৃতি পাঠাগারের কর্মকর্তাদের সনদ দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠানে অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আবদুল খালেক, রফিক শিকদার, জাসাসের আহসান উল্লাহ চৌধুরী, হাসান চৌ্ধুরী, জাগপার খন্দকার লুতফর রহমান উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad