
ডেস্ক নিউজ : নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই। মার্কেটে কী আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।
ওবায়দুল কাদের বলেন, অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি-যত ধরনের অপচেষ্টা করার তাই করছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়।
তিনি আরও বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশ মানববন্ধন, পদযাত্রা অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশিদের কাছে নালিশ করেই বিএনপি থেমে থাকেনি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘে যোগাযোগ করার চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্যদেশকে কীভাবে পরামর্শ দেবে। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশে পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা বিপত্তি কিংবা অপরাধী আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে।
শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। দেশব্যাপী বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধনে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। আন্দোলনের ডাকেও ব্যর্থ হয়েছে তারা।
কিউটিভি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৪৩






