
ডেস্ক নিউজ : দেশের ৭টি বিভাগের ৫৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের (৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী দুই দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ফরিদপুরে ৩৯.৩, মোংলায় ৩৯.৫, যশোরে ৩৯.৪, ঈশ্বরদীতে ৩৯.৩, ফরিদপুর ও খুলনায় ৩৯.০ রাজশাহীতে ৩৯.১, ঢাকায় ৩৮.৯, কুমারখালীতে ৩৮.৬, বান্দরবানে ৩৮.৪, সাতক্ষীরায় ৩৮.৩, টাঙ্গাইল, ফেনী ও রাঙ্গামাটিতে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
কিউটিভি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৮






