মিয়ানমারে সেনা অভিযানে নিহত বেড়ে ৫৩

uploader3 | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ - ১০:৫৪:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। দেশটিতে চলমান সামরিক অভিযানের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি গ্রাম পাজিঘিকে লক্ষ্য করে এই হামলা চালায় সামরিক বাহিনী। হামলায় নিহতদের মধ্যে ১৫ নারী ও শিশু রয়েছে। তবে এই সংখ্যা যাচাই করতে পারেনি বিবিসি।

এর আগে হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় সকাল সাতটা ৩৫ মিনিটে জেট বিমান থেকে হামলা চালায় সেনাবাহিনী। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টার জেট বিমানের সঙ্গে ছিল।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাগাইংয়ে প্রশাসনিক ভবন উদ্বোধনে জড়ো হওয়া এলাকাবাসীর ওপর বিমান হামলার ঘটনা ঘটে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় জান্তা। এরপর থেকে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীদের ওপর বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে তারা। সাগাইংয়ের পাজিঘি গ্রামে সামরিক শাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বিরোধীরা। তারা সেখানে নিজেদের বাহিনী গড়েছে, সেই সঙ্গে বানিয়েছে স্কুল ও ক্লিনিক। এদিন বিরোধীদের ঘাঁটি ধ্বংসেই এই হামলা চালানো হয়।

কিউটিভি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫৩

▎সর্বশেষ

ad