
লাইফ ষ্টাইল ডেস্ক : টানা কয়েক দিন ধরে সারাদেশে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও দেশের ৪৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
তবে তাপমাত্রা বাড়লেও স্কুল-অফিস তো আর থেমে থাকবে না। তাই এই গরমে রাস্তায় বেরোনোর আগে কী কী সতর্কতা নেবেন,রইলো কিছু উপায়।
১) গরমের প্রথম সমস্যা ‘সানবার্ন’ বা প্রবল রোদে ত্বক পুড়ে যাওয়া। অতিরিক্ত রোদে বা গরমে সাধারণত ত্বক লাল হয়ে যায় এবং ত্বকে ফুসকুড়িও দেখা যেতে পারে। তাই গরমে সব সময় উচ্চ এসপিএফ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ত্বকে যেন রোদ না লাগে সেই চেষ্টা করা উচিত।
আর ত্বক পুড়ে গেলে, ফুসকুড়ি হলে বা র্যাশ হলে আক্রান্ত জায়গাটিতে চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিছু না লাগানোই ভাল। বরং ঠান্ডা পানিতে ভেজানো কাপড় ত্বকের উপর রাখতে হবে।
২) তীব্র গরমের এই সময়ে শরীরে পানির ঘাটতি কিছুতেই হতে দেয়া উচিত না। পানি ও খনিজ পদার্থের ঘাটতি হলে পেশিতে টান পড়ার ঝুঁকি বেড়ে যায়। এই সমস্যাকে ‘হিট ক্র্যাম্পস’ বলা হয়। এই সমস্যা এড়াতে পানি বেশি করে খেতে হবে। বাইরে বেরোলেই পানি, স্যালাইন বা বিভিন্ন রকমের ফলের জুস সাথে রাখুন।
৩) গরমের এই সময়ে অতিরিক্ত তেল-মশলাদার খাবার এড়িয়ে চলুন। উচ্চ প্রোটিনযুক্ত আমিষ খাবার এই সময়ে কম খাওয়াই ভাল। তাড়াতাড়ি হজম হয়ে যায় এমন খাবার খান। বেশি বেশি ফলমূল খান। একেবারে অনেকটা খাবার না খেয়ে অল্প মাত্রায় বার বার খাওয়ার অভ্যাস করুন।
৪) এই সময় হালকা সুতির পোশাক পরুন, যাতে ঘাম হলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সহজে বাতাস চলাচলে ঢিলেঢালা পোশাক পড়ুন।
ঢাকা জুতোর বদলে খোলা স্যান্ডেল পরুন। ব্যাগে সানগ্লাস, স্কার্ফ, পানির বোতল, ছাতা রাখতে ভুলবেন না।
৫) অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। হিট স্ট্রোক হলে তা থেকে মস্তিষ্ক, কিডনি, হৃদ্যন্ত্রে প্রভাব পড়তে পারে। রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন। এমন সমস্যা হলে দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। এ ছাড়া সে সময় রোগীকে ভেজা কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিলে ভাল।
কিউটিভি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:২২






