
ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারের পরিসরকে আবার সংকুচিত করছে সরকার। এভাবেই তারা জনগণকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আজ শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।
তিনি বলেন, আজকে আমরা আলোচনা করেছি আমাদের যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কি কর্মসূচি হতে পারে। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তা নিয়ে আলোচনা করেছি। এই ঐক্য আরো কিভাবে দৃঢ় করা যায় এবং ভবিষ্যতে আন্দোলন আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি। মহাসচিব বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলায় অনেকে আহত হয়েছেন। আজকের কর্মসূচিতে আমরা খবর পাচ্ছি পুলিশ বাধা প্রদান করছে। কর্মসূচি করতে দেবে না। আমরা আন্দোলন শুরু করেছি, আন্দোলনকে আরো কিভাবে বেগবান করা যায় সে বিষয়ে আলোচনা করেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার তো অবশ্যই লক্ষ করেছেন। আমরা কিন্তু প্রথম থেকেই অত্যন্ত গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আসছি। এই আন্দোলনের মধ্যে যারা যারা সম্পৃক্ত হচ্ছেন, এই আন্দোলন আরও চলবে, আগামী দিনে আরও বেগবান হবে। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তিনি বলেন, সরকার যদি চায় সংঘাত এড়িয়ে তারা সামনের দিকে যাবে। এটা পুরোটাই সরকারের ওপর নির্ভর করে। প্রথম তাদের বিরোধী দলের দাবিগুলো পূরণ করতে হবে। অর্থাৎ পদত্যাগ করে আলোচনায় বসতে হবে।
কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৫






