আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে বিশৃঙ্খলার জন্য ট্রাম্পই দায়ী

Ayesha Siddika | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ - ০৫:০১:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একটি ক্লাসিফায়েড বা গোপন প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউস বৃহস্পতিবার সেটি প্রকাশ করে। প্রতিবেদনে আফগানিস্তান থেকে সেনাদের প্রস্থানে বিশৃঙ্খলার জন্য গোয়েন্দা ব্যর্থতা ও ট্রাম্পকে দায়ী করা হয়েছে। ওই প্রতিবেদনের বিস্তারিত কংগ্রেসকে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে হোয়াইট হাউস স্বীকার করে নিয়েছে, তালেবানের শক্তি ও আফগানিস্তানের সরকারি বাহিনীর দুর্বলতা বুঝতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ হয়েছিল। গোয়েন্দা বিষয়ে ‘আমরা যে ঠিক করিনি, তা স্পষ্ট’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি।

২০২১ সালের ৩০ আগস্ট মার্কিন সেনা সরানোর কাজ শেষ হয়েছিল। তার আগে ২৬ আগস্ট কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মার্কিন সেনা ও ১৭০ জন আফগান নাগরিক নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের শেষ সেনা কাবুল ত্যাগের সময়ই তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। ন্যাটোর সদস্যরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট সেই সময় যুক্তরাষ্ট্রকে সেনা না সরানোর আহ্বান জানিয়েছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘সাবেক ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের জন্য একটি তারিখ রেখে গিয়েছিল। কিন্তু তা কার্যকর করার কোনো পরিকল্পনা রেখে যায়নি। চার বছর ধরে অবহেলার পর, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে শক্তির ক্ষয় ঘটিয়ে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে প্রস্থানের জন্য যে ধরনের ব্যবস্থা, অফিস এবং এজেন্সির প্রয়োজন ছিল সেগুলো বেহাল অবস্থায় ছিল।’

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউটিভি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad