স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কম রান দেওয়ার পাশাপাশি নিজের শেষ ওভারে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। আজ দেখা গেল মুদ্রার অন্যপিঠ। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুস্তাফিজ আজ উইকেটশূণ্য। রানও দিয়েছেন বেশি। দিল্লি ক্যাপিটালসের বাকি বোলাররাও ভালো করতে পারেননি। ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়েছে। জোড়া ফিফটি উপহার দিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল আর তিন নম্বরে নামা দীপক হুদা। ১৩ বলে ২৩ রান করা কুইন্টন ডি’ককের সঙ্গে রাহুলের ওপেনিং জুটি ছিল ৪২ রানের। মাত্র ২৬ বলে তারা এই রান করেছিলেন। ৫১ বলে ৪টি চার এবং ৫টি ছক্কায় ৭৭ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হয়ে যান লোকেশ রাহুল।
এরই সঙ্গে ভাঙে দিপক হুদার সঙ্গে তার তৃতীয় উইকেট ৯৫ রানের জুটি। এরপর ২৫ বলে ৩৯ রানের আরেকটি জুটি গড়েন মার্কাস স্টয়নিস (১৭*) আর দিপক হুদা। শার্দুল ঠাকুরের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে দিপক করেন ৩৪ বলে ৬ চার ১ ছক্কায় ৫২ রান। ৪ ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪ রান দিয়েছেন চেতন সাকারিয়া। ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। আর মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য।
কিউটিভি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:০৯






