অগ্নিদৃষ্টি হেনে কোহলির স্লেজিংয়ের জবাব দিয়েছিলেন সূর্যকুমার

admin | আপডেট: ২২ এপ্রিল ২০২২ - ১২:১৮:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : স্মৃতিচারণায় বসলে কত ঘটনাই না বেরিয়ে আসে। বিরাট কোহলি মাঠে আগ্রাসী মেজাজে থাকেন, তা সবাই জানে। কোহলির স্লেজিং নিয়েও অনেক ঘটনা আছে। এখানে যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটা দুই বছর আগের এক আইপিএল আসরের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে কোহলির স্লেজিংয়ের জবাবে তার দিকে অগ্নিদৃষ্টি হেনেছিলেন ভারতেরই তরুণ ব্যাটার সূর্যকুমার যাদব।  ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ শোতে সেই ঘটনার স্মৃতিচারণা করলেন এই ক্রিকেটার।

সূর্যকুমার বলেছেন, ‘এটাই বিরাট ভাইয়ের খেলার স্টাইল। মাঠে তার এনার্জি লেভেল সম্পূর্ণ অন্য মাত্রার। সেই ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। তাই বিরাট ভাইও সকলকে ইচ্ছেমতো স্লেজিং করে যাচ্ছিলেন। আমি নিজের খেলায় পুরোপুরি ফোকাস রেখেছিলাম। যেকোনো উপায়ে ম্যাচটা জিততেই হবে। একবার বিরাট ভাইয়ের কাছে বল যাওয়ার পরে তিনি সহজাতভাবেই স্লেজিং শুরু করে দেন। এখনো মনে আছে। আমি চুইংগাম চিবোচ্ছিলাম। ‘

সূর্যকুমার আরো বলেন, “এক পর্যায়ে বিরাট ভাই আমার দিকে এগিয়ে আসছিলেন। আমার হৃৎপিণ্ড ধকধক করছিল তখন। তার মুখে কোনো কথা ছিল না। আমিও চুপ ছিলাম। নিজেকে স্রেফ বলে যাচ্ছিলাম, ‘যা-ই হোক না কেন, কোনো কথা বোলো না। ‘ মাত্র ১০ সেকেন্ডের ব্যাপার ছিল। এর পরেই নতুন ওভার শুরু হওয়ার কথা।  এভাবেই সময় কেটে যায়। ম্যাচের পরে তার সঙ্গে আবার দেখা হয়। ততক্ষণে দুজনই স্বাভাবিক হয়ে গেছি। “

 

 

কিউটিভি/আয়শা/২২শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

▎সর্বশেষ

ad