স্পোর্টস ডেস্ক : কালে কালে বেলা গেলো অনেক। অবসর না নিলেও পঞ্চপাণ্ডবের একজন মাশরাফী ছিটকে গেছে দল থেকে। সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ দেড় দশকের বেশি হলো সার্ভিস দিচ্ছেন বাংলাদেশকে। যাদের ঝুলিতে আছে চারটা ওডিআই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। কিন্তু সবার বয়সই ছুঁয়েছে প্রায় ৩৫। বাস্তবতা মেনে থামতে হবে একদিন। খুব মিরাকল কিছু না ঘটলে স্বাভাবিক নিয়মে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপটিই হতে যাচ্ছে সিনিয়র ক্রিকেটারদের শেষ বিশ্বকাপ। আইসিসি সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ চায় টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখতে। টাইগারদের ওয়ানডে অধিনায়ক বললেন, সুপার লিগেও সেরা চারে থাকার লক্ষ্য তার।
এদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘এটা খুব দারুণ হবে যদি আমরা সুপার লিগ শেষ হওয়ার সময় টপ ফোর পজিশনে থাকতে পারি। আমাদের অনেকেরই হয়তোবা ২০২৩ সালের বিশ্বকাপটি শেষ বিশ্বকাপ হতে পারে। তো আমার কাছে মনে হয়, আমাদের সবার মিলিয়ে ভালো কিছু করে দেখাতে হবে।’ অধিনায়কত্ব পাওয়ার পর ভালো-মন্দের মিশেলে যাচ্ছে তামিমের ক্যারিয়ার। তবে এটাকে কখনোই চাপ হিসেবে দেখেন না তিনি। বললেন, দলে খেলাটাই তার কাছে মুখ্য।
তামিম বলেন, ‘আমি ভালো করতে চাই, দেশকে ম্যাচ জেতাতে চাই। এটাই আমার সবসময়ের স্বপ্ন। আর অধিনায়কত্ব নিয়ে আমি কখনোই ততোটা ভাবি না, চিন্তাও করি না। হ্যাঁ, আমি মানি আমার অধীনে দল অনেক ভালো করছে। তবে দলের অধিনায়ক নিয়ে আমি তেমন চিন্তা করি না।’
একটা লক্ষ্যের কথাও বললেন তামিম, ওয়ানডেতে এক ইনিংসে স্পর্শ করতে চান ২০০ রানের মাইলফলক। তামিম বলেন, ‘ওয়ানডেতে ২০০ রান সবসময় আসে না। আমার যদি ফর্ম থাকে তবে আমি চেষ্টা করব তা করার।’ সামাজিক যোগাযোগমাধ্যেমে একটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে লাইভে এসব কথ বলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। জানান, ক্রিকেটের পাশাপাশি টেনিস আর ফুটবল তার পছন্দের খেলা।
কিউটিভি/আয়শা/২২শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০০






