ডেস্ক নিউজ : দুজনের বন্ধুত্ব নিয়ে একসময় বেশ আলোচনা হতো দেশের ক্রিকেটাঙ্গনে। এখন গুঞ্জন চলে দুজনের সম্পর্কের অবনতি নিয়ে। দেশের ক্রিকেটের দুই মহারথী সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবার মুখোমুখি হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। সাকিব খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আর প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তামিম ইকবাল।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গিয়েছিলেন তামিম। আর সাকিব গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। দুজনই সম্প্রতি দেশে ফিরেছেন। চলতি ডিপিএলে আজই তারা প্রথমবার মাঠে নেমেছেন। কর্তিত ৩৩ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দারুণ এক ছক্কা হাঁকান তামিম। চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব।
প্রথম বলটি ডিফেন্স করেছিলেন তামিম। সাকিবের করা দ্বিতীয় বলটি ছিল একটু খাটো লেংথের। তামিম পুল করতে গিয়ে মাঝব্যাটে খেলতে পারেননি। শর্ট মিড উইকেটে দারুণ ক্যাচ নেন তানভীর হায়দার। ৫ বলে ৮ রান করে ফেরেন তামিম। ওই ওভারটিতে কোনো রান দেননি সাকিব। মেডেন ওভার দিয়ে তিনি বোলিং শুরু করেন।
কিউটিভি/আয়শা/২১শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০






