স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের একসময়ের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেল গতকাল মঙ্গলবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে তিনি আর জিততে পারেননি। এই দুঃখজনক ঘটনার সময় সাকিব আল হাসান ছিলেন প্লেনে। তিনি দেশে ফিরছিলেন। অনেকদিনের সতীর্থ মোশাররফের মৃত্যুসংবাদ পেয়েছেন প্লেনে বসেই।
কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন মোশাররফ রুবেল। যুক্তরাষ্ট্রে বসে সেই খবর পেয়ে সাকিব ভেবেছিলেন, বিপদ আপাতত কেটেছে। কিন্তু না, সেই ফিরে আসা ছিল দীপ নেভার আগে জ্বলে ওঠার মতো। তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার বিকেল পরপারে পাড়ি জমান মোশাররফ। তাঁর মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গন শোকাহত। প্রিয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই গতকাল শেষ বিদায় জানানো হয়েছে মোশাররফকে।
আজ বুধবার দেশে ফিরে বিমানবন্দরে সাকিবের কণ্ঠে ফুটে উঠল জীবনের অমোঘ বাস্তবতা, ‘আসলে খুবই দুঃখজনক। আমি যুক্তরাষ্ট্রে ছিলাম, নিউজ দেখছিলাম যে উনি মাত্র বাসায় গেলেন, একটু ভালো অনুভব করছিলেন। ভাবলাম যে কোনোভাবে বুঝি সারভাইভ করলেন। আরেকজনের সঙ্গে কথাও বলছিলাম এটা নিয়ে যে, হয়তো কম বয়স দেখে সারভাইভ করতে পারছেন। তবে হঠাৎ করে খবরটা পাই যখন প্লেনে ছিলাম। খুবই দুঃখজনক। তবে জীবনে যে কোনো কিছুর গ্যারান্টি নেই, সেটির একটি প্রমাণ। ‘
কিউটিভি/আয়শা/২০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০






