স্পোর্টস ডেস্ক : সর্বকালের অন্যতম সেরা পেসারদের একজন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি নিজেই ফাস্ট বোলিংয়ের একটা ব্র্যান্ড। এই মুহূর্তে স্টেইন সানরাইজার্স হায়দরাবাদের পেস-বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। টুইটারে স্টেইনের একটি পোস্টে এক নারী লেখেন যে, ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ স্টেইনের চেয়ে ভালো।
এর উত্তরে স্টেইন লিখলেন, ‘আমি নিশ্চিত বুমরাই। কারণ আমি এখন অবসরে। ’দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট খেলে ৪৩৯ উইকেট নিয়েছেন স্টেইন। ১২৫টি ওয়ানডেতে নিয়েছেন ১৯৬টি উইকেট। এছাড়া ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৬৪ উইকেট শিকার করেছেন। চুটিয়ে খেলেছেন আইপিএলেও। ৯৫টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৯৭টি উইকেট। চোট-আঘাতে জর্জরিত না হলে স্টেইনের ক্যারিয়ার আরো দীর্ঘায়িত হতে পারতো।
অন্যদিকে, ক্যারিয়ারের ১০ নম্বর আইপিএল খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মহাতারকা বুমরা। ২০১৩ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএল ক্যারিয়ার শুরু করেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। বিচিত্র অ্য়াকশন ও পেসের সঙ্গেই বুমরা লাইমলাইটে এসেছিলেন অভিষেক ম্যাচে বিরাট কোহলির উইকেট নিয়ে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি বুমরাকে।
কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪






