স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। এরপর প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে বোলিং করেও ১১ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। তার বোলিং ও আত্মনিবেদনে মুগ্ধ বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের আগে ডোনাল্ড বলেছেন, ‘তাসকিন খুবই দুর্দান্ত একজন বোলার। ওয়ানডে সিরিজে সে যেভাবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়েছে তাতে আমি অনেক খুশি। সে ঘাড়ে ব্যথা অনুভব করছিল, প্রথম টেস্টে সেটার মাত্রা বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে সে কিছুক্ষণ বিশ্রামে ছিল। এরপর সে আবার মাঠে নেমে দলকে সাহায্য করে। ’
তাসকিনের সঙ্গে কাজ করাটা ডোনাল্ডের জন্য আনন্দের, ‘সে দেশে চলে গেছে। আমি তার মঙ্গল কামনা করি। সামনেই শ্রীলঙ্কা সফর। তার সঙ্গে কাজ করাটা সত্যিই ভীষণ আনন্দের। সে একজন ভালো শ্রোতা, সে শিখতে চায়। ’
কিউটিভি/আয়শা/৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫১






