ঢাকার চেয়ে দেশের অন্য জায়গায় সবজির দাম অনেক কম

admin | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ - ০৮:১৩:৩৯ পিএম

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্য তেল আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের পরে দেশে হ্রাসকৃত মূল্যে ৯০ হাজার টন ভোজ্য তেল আমদানি হয়েছে। ভ্যাট কমানোর প্রভাব ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে। খুচরা পর্যায়ে ভোজ্য তেল ১৬২ থেকে ১৬৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বর্তমানে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে। তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ কোথাও যেন বাধাপ্রাপ্ত না হয় সেটা দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে তিনি জানান।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, ‘পণ্য পরিবহন থেকে শুরু করে বিপণন―কোথাও চাঁদাবাজি হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। ’

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারি বিপণন সংস্থা টিসিবিকে স্থায়ীভাবে শক্তিশালী অবস্থায় রাখতে চাই সরকার। বর্তমানে টিসিবির প্রায় ৩০ শতাংশ পণ্য মজুদ আছে। টিসিবি এই অবস্থায় থাকলে দেশের মানুষের ভোগান্তি হবে না বলে তিনি মনে করেন। বাণিজ্যমন্ত্রী মনে করেন, টিসিবি শক্তিশালী অবস্থায় আছে বলে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। অন্য এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, শাকসবজির বাজার নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। তবে আমি মনে করি অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাটা আরো উন্নত করা গেলে খুচরা পর্যায়ে এসব পণ্যের দাম কমানো যাবে। বেগুনসহ অন্যান্য সবজির দাম ঢাকায় যতটা বেশি, দেশের অন্যান্য জায়গায় এতটা নয়। ঢাকার তুলনায় অনেক কম।

বাণিজ্যমন্ত্রী জানান, সরবরাহ ব্যবস্থায় যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সে লক্ষ্যে ভোজ্য তেল পরিশোধনকারীসহ অন্যান্য প্রতিষ্ঠানকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করবে।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

▎সর্বশেষ

ad