বাংলাদেশের সামনে কঠিন টার্গেট

admin | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ - ০৯:১৫:৫৫ পিএম

ডেস্ক নিউজ : দিনের শেষ সেশনের অল্প কিছু সময় বাকি থাকতেই অল-আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এবাদত-মিরাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ২০৪ রানে অল-আউট হওয়ায় জয়ের জন্য টাইগারদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ২৭৪ রান। প্রথম ইনিংসে একমাত্র মাহমুদুল আর লিটন ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তাই পঞ্চম দিনে এই টার্গেট তাড়া করে জয় কিংবা ড্র করা বাংলাদেশের জন্য কঠিন বটে। তবে যদি টাইগাররা এই টার্গেটে পৌঁছতে পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও এক ইতিহাসের জন্ম হবে।  

আজ রবিবার ম্যাচের চতুর্থ দিনে ৬৯ রানে এগিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৪৮ রান আসতেই আঘাত হানেন এবাদত হোসেন। ৫১ বলে ৮ রান করা সারেল এরুইয়াকে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নিয়ে জিতে যান এবাদত। এতে অবশ্য রানের চাকা ঘোরা বন্ধ হয়নি প্রোটিয়াদের। ৭৩ বলে ফিফটি তুলে নে অধিনায়ক ডিন এলগার। তবে তার আগে ইবাদত হোসেন আর মেহেদি মিরাজের বলে দুইবার জীবন পেয়েছেন। তার দেওয়া দুটি সহজ ক্যাচ ফেলেছেন ইয়াসির আলী এবং নাজমুল হোসেন শান্ত।

৬৮ রানের এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। কাঁধের ব্যথায় আক্রান্ত এই পেসারের আজ বল করারই কথা ছিল না। নিজের তৃতীয় ওভার করতে এসে তিনি ৬৪ রান করা এলগারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। যদিও আম্পায়ার আবেদনে সাড়া দেননি। রিভিউ নিয়ে জিতে যায় বাংলাদেশ। প্রোটিয়া দূর্গে তৃতীয় আঘাত হানেন মেহেদি মিরাজ। দলীয় ১২৬ রানে তার ঘূর্ণিতে মাহমুদুলের তালুবন্দি হন কিগ্যান পিটারসেন (৩৬)। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগেই টেম্বা বাভুমাকে (৪) তুলে নেন ইবাদত। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন ইয়াসির। প্রোটিয়াদের পঞ্চম উইকেটের পতন ঘটে কাইল ভেরাইনার (৬) বিদায়ে। মেহেদি মিরাজের বলে তিনি সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৬৮ রানে মুল্ডারকে (১১) ইয়াসিরের তালুবন্দি করে নিজের তৃতীয় শিকার ধরেন মিরাজ। এরপর কেশব মহারাজ (৫) হন তাসকিনের শিকার। নুরুলের দারুণ থ্রোতে সিমন হার্মার (১১) রান-আউট হলে ২০২ রানে ৮ম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রানআউট হয়েই ফিরেন লিজার্ড উইলিয়ামস (০)। একই ওভারের শেষ বলে ডুয়াইন অলিভারকে (০) এলবিডাব্লিউ করে প্রোটিয়াদের ইনিংসের ইতি টানেন ইবাদত। এই পেসার ১৩ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ৩৫ ওভারে মাত্র ৮৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। তাসাকিনের শিকার দুটি। প্রোটিয়ারা ২০৪ রানে অল-আউট হওয়ায় টাইগারদের টার্গেট দাঁড়িয়েছে ২৭৪ রান।

 

 

কিউটিভি/আয়শা/৩রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad