শিক্ষিকাকে নির্যাতনকারী পুলিশ সদস্যের বিচার দাবি জাসদের

admin | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ - ০৭:৫৭:০৭ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ রবিবার এক বিবৃতি দিয়েছেন। এতে গতকাল ফার্মগেট এলাকায় তেজগাঁও সরকারি কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে টিপ পরায় তাকে পুলিশ বাহিনীর এক সদস্য কর্তৃক অশ্লীল গালিগালাজ ও তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দায়ী পুলিশ সদস্যের গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং অবিলম্বে পুলিশ বাহিনী থেকে তাকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তারা।

জাসদ নেতৃবৃন্দ বলেন, ইদানীং প্রশাসন ও পুলিশের কিছু সদস্য কর্তৃক তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা বাদ দিয়ে নাগরিকদের, বিশেষ করে নারীদের পোশাক, চলাফেরাসহ অভিরুচি, ব্যক্তিস্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপের ঘটনা ঘটছে। তারা প্রশাসন-পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে অবস্থানকারী দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনকারী তেঁতুলতত্ত্বের অনুসারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা তেঁতুলতত্ত্ব তথা ধর্মান্ধতার বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয় নারী জোট

অনুরূপভাবে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে কপালে টিপ পরায় তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে গালাগালকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তিনি পুলিশি নির্যাতনের শিকার হয়ে সাহসী প্রতিবাদ করা এবং আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ়তা দেখানোর জন্য ড. লতা সমাদ্দারকে সাধুবাদ জানান। তিনি বলেন, লতা সমাদ্দারের পাশে জাতীয় নারী জোট থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/৩রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad