বাবা কভিড পজিটিভ, রিয়ালের ডাগ আউট সামলাবেন ছেলে!

admin | আপডেট: ০২ এপ্রিল ২০২২ - ০৪:১৭:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আজ রাতে লা লিগার ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিন্তু কভিড পজিটিভ হওয়ায় এই ম্যাচে রিয়ালের ডাগ আউটে থাকছেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে তার পরিবর্তে দল সামলাবেন তারই ছেলে ও রিয়ালের সহকারী কোচ দেভিদ আনচেলত্তি। ৩২ বছর বয়সী এই দেভিদ প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তবে এ রকমটা এই প্রথম নয়, ২০১২ সাল থেকে কার্লো আনচেলত্তির সঙ্গে কাজ শুরু করা দেভিদ এর আগে ২০১৯/২০ মৌসুমে নাপোলির হয়ে বাবার অনুপস্থিতিতে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন।

২০১২ থেকে কার্লো আনচেলত্তি যে ক্লাবে কাজ করেছেন দেভিদও সেই ক্লাবে কখনো ফিটনেস কোচ আবার কখনো সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। উয়েফা এ লাইসেন্সধারী ও স্পোর্টস বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা দেভিদ পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটনের মতো দলে কাজ করেছেন। বাবার মতোই কোচের পথ বেছে নিলেও পেশাদার ফুটবলে তেমন বিচরণ ছিল না দেভিদ আনচেলত্তির। ফুটবলের প্রতি ভালোবাসার কারণেই কোচিং পেশায় এসেছেন তিনি। লা লিগায় আজ রাত সাড়ে ১০টায় সেলতা ভিগোর মাঠে লড়বে রিয়াল। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাংকোরা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া থেকে নয় পয়েন্টে এগিয়ে তারা।

 

 

কিউটিভি/আয়শা/২রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

▎সর্বশেষ

ad