বস্ত্রকলে এক বছরে লোকসান ৩ হাজার ১৬৮ কোটি টাকা

admin | আপডেট: ৩১ মার্চ ২০২২ - ০৮:৩৭:৪৫ পিএম

ডেস্ক নিউজ : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন মিলগুলোতে গত অর্থবছরে তিন হাজার ১৬৮ কোটি ৪৬ লাখ টাকা লোকসান হয়েছে। এ সময়ে মিলগুলো আয় করেছে ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয় করেছে তিন হাজার ৬৫২ কোটি ৯৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের হাবীব হাসান। জবাবে মন্ত্রী আরো জানান, বিটিএমসির ২৫টি পাটকলের মধ্যে ২৪টি বন্ধ রয়েছে এবং একটি ভাড়ায় চলছে। বন্ধ ২৪টির মধ্যে দুটিতে টেক্সটাইল পল্লী স্থাপন এবং দুটি পিপিপিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, বর্তমানে দেশে (২০১৮ সালের শুমারি) ৫৮৯টি তাঁত ফ্যাক্টরি ও এক লাখ ১৬ হাজার ১১৭টি ইউনিট রয়েছে। পাওয়ার লুম ব্যতীত তাঁতশিল্পে বছরে প্রায় ৪৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার মিটার তাঁতবস্ত্র উৎপাদিত হয়। যার মাধ্যমে দেশের বস্ত্র চাহিদার ২৮ ভাগ (পাওয়ার লুম ব্যতীত) পূরণ হয়ে থাকে বলে তিনি উল্লেখ করেছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, চলতি অর্থবছরের আট মাসে ৫.০৩ লাখ টন কাঁচা পাট রপ্তানি করা হয়েছে। এ ছাড়া গত ২০২০-২১ অর্থবছরে ৫.৮৬ লাখ টন কাঁচা পাট এবং ৭.৮২ লাখ টন পাটজাত পণ্য রপ্তানি করা হয়েছে। আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের তাঁতের সংখ্যা দুই লাখ ৯০ হাজার ২৮২টি।

 

 

কিউটিভি/আয়শা/৩১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad