‘টাইগারদের সঙ্গে টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হবে’

admin | আপডেট: ২৯ মার্চ ২০২২ - ১০:৩৬:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার বলেন, বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ২০০২, ২০০৮ ও ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় সফর করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে চলতি সফরে ম্যাচ জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ (২-১) জয়ের ইতিহাস গড়ে টাইগাররা। 

বাংলাদেশ দলের এমন উন্নতি দেখে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার বলেন, এটা বাংলাদেশের নতুন একটা দল। বিদেশি কোচিং স্টাফে সমৃদ্ধ। তারা অবশ্যই দলের খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে। আইপিএলের কারণে টেস্ট সিরিজে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেনদের মতো খেলোয়াড়দের পাবেন না এলগার। ওয়ানডে সিরিজ হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য এটা বড় দুশ্চিন্তা। 

এ ব্যাপারে এলগার বলেন, আমার দলে আইপিএলে খেলা খেলোয়াড়েরা নেই ঠিকই কিন্তু যারা আছে, ওরাও ভালো। আমি ওদের নিয়েই আত্মবিশ্বাসী। আমরা টেস্টে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাব না, কিন্তু এটাও ঠিক- এর ফলে নতুন কয়েকজন ক্রিকেটারের জন্য সুযোগ তৈরি হবে। তারা ভালো খেলে, না খেলা ক্রিকেটারদের ওপর চাপ তৈরি করতে পারবে। আমার মনে হয়, এখন আমাদের সবারই সামনের দিকে তাকানো উচিত।

 

 

কিউটিভি/আয়শা/২৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৫

▎সর্বশেষ

ad