ঘরের মাঠে মঙ্গোলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

admin | আপডেট: ২৯ মার্চ ২০২২ - ১০:০৮:০২ পিএম

ডেস্ক নিউজ : ঘরের মাঠ সিলেটে মঙ্গোলিয়ার মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে হারাতে পারল না বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এর আগে দাম্মামে ২০০১ সালে সবশেষ দেখায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশকে ২-২ গোলে রুখে দিয়েছিল মঙ্গোলিয়া।

প্রথমার্ধে সুমনের শট লেগেছে ক্রসবারে। এর আগে-পরে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়েছে বেশ কয়েকটি। তাতে মঙ্গোলিয়ার বিপক্ষে অনেক সুযোগ সৃষ্টি করেও জেতা হলো না বাংলাদেশের। সিলেট জেলা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে নতুন কোচ হাভিয়ের কাবরেরার দল একচেটিয়া খেলেও গোল আদায় করতে পারেনি। দুই অর্ধেই বল দখলের লড়াইয়ে বাংলাদেশ ছিল এগিয়ে। তবে ভাগ্য সহায় ছিল না। 

৪১ মিনিটে সুমন রেজার শট ফিরে আসে ক্রসবারে লেগে। ৭২ মিনিটে জামাল ভূঁইয়ার শট রুখে দেন মঙ্গোলিয়ার গোলকিপার। দর্শকরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গর্জনে গ্যালারি মাতিয়ে রাখেন। চার বছর পর নিজেদের মাঠে জাতীয় দলের দলের খেলা দেখতে পেরে তাদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু মাঠের ফুটবলে জামাল ভূঁইয়ারা সমর্থকদের মন জয় করতে পারেননি। ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার (১৮৪) বিপক্ষে আধিপত্য দেখালেও জিততে পারেনি। ২৪ মার্চ মালেতে মালদ্বীপের কাছে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশা ছিল সবার। গোল না হওয়ায় ভগ্ন হৃদয়েই ঘরে ফিরেছে সিলেটের দর্শকরা। 

 

 

কিউটিভি/আয়শা/২৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৩

▎সর্বশেষ

ad