রুটের বিদায় চান ইংল্যান্ডের সাবেক অধিনায়করা

admin | আপডেট: ২৮ মার্চ ২০২২ - ০৭:৩৯:১৪ পিএম

ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়া সফরে সবশেষ অ্যাশেজ সিরিজে বড় ব্যবধানে হেরেছে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজে হারের পর কোচ সিলভারউড চাকরি হারালেও অধিনায়কত্ব ধরে রেখেছিলেন জো রুট। এবার রুটকে বাদ দেওয়ার জোর দাবি উঠেছে। সবশেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তার চেয়েও বড় কথা হলো সবশেষ টানা ৫টি সিরিজে জয় পায়নি জো রুটের দল। যে কারণে সাবেক একাধিক অধিনায়ক রুটের বিদায় দেখতে চান। 

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবেচেয়ে বেশি ২৬তম টেস্ট হেরেছে জো রুটের নেতৃত্বাধীন দল। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন, নাসের হুসেইন ও মাইকেল ভনরা জো রুটের অধিনায়কত্ব কেড়ে নিতে বলছেন। মাইকেল আথারটন ‘দ্য টাইমসে’ নিজের কলামে লেখেন- রুটের অধিনায়কত্ব অগ্রহণযোগ্য এবং নিশ্চয়ই মনে মনে সেও জানে এটা। ওর দল এ নিয়ে টানা ৫টা সিরিজে জয় পায়নি এবং ১৭ টেস্টের মাত্র ১টিতে জিতেছে। এত ভালো সব খেলোয়াড় থাকা এক দলের জন্য এর চেয়ে খারাপ আর কী হতে পারে।

তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে রুটের যাত্রা শেষ। একটা সময় আসে যখন একজন অধিনায়কের কোনো কিছু দেওয়ার থাকে না, নতুন খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে নতুন কিছু বলার থাকে না। সে সময়ে ভিন্ন ধরন বা ভিন্ন কণ্ঠ প্রয়োজনীয় হয়ে ওঠে। রুটের অবস্থা অ্যাশেজেই বোঝা গেছে। অ্যাশেজে হারের পর সবাই চাকরি হারানোর পরও রুট কীভাবে রয়ে গেছে- সেটা রহস্যজনক। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন ‘ডেইলি মেইলে’ নিজের কলামে লিখেছেন- রুট একজন বিশ্বমানের ব্যাটসম্যান এবং পছন্দ করার মতো মানুষ। কিন্তু আমার মনে হয় না ওর মধ্যে অধিনায়ক হওয়ার মতো সহজাত কিছু ছিল। মাঝেমধ্যে আপনার শক্ত চরিত্রের লোক লাগে। ১০টা জি-হুজুর নিয়ে দল গড়ার চেষ্টা করা হয়েছে, এটা দায়িত্বে অবহেলা ছাড়া আর কিছু নয়। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ‘ডেইলি টেলিগ্রাফে’ লিখেছেন- গ্রেনাডাতে এটা হয়েছে, অস্ট্রেলিয়ায় বারবার হয়েছে এবং গত গ্রীষ্মে অনেকবার হয়েছে। এটা নিয়মিত দেখা যাচ্ছে, চাপে পড়লে রুটের ইংল্যান্ড সেটা সামলাতে পারে না। যখনই এমন একটা ঘণ্টা আসে যেখানে জেতা দরকার, তারা সেটা হারে।

 

 

কিউটিভি/আয়শা/২৮শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

▎সর্বশেষ

ad