স্বাধীনতা দিবসে লাল সবুজে সজ্জিত রিয়াদের কিংডম টাওয়ার

admin | আপডেট: ২৭ মার্চ ২০২২ - ০৩:৪৩:২৪ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রথম বারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদের আইকনিক কিংডম টাওয়ারকে সন্ধ্যায় লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই প্রথমবারের মতো রিয়াদের কিংডম টাওয়ারকে লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়।গতকাল শনিবার (২৬ মার্চ) রিয়াদে বসবাসরত বাংলাদেশী অভিবাসীরা আনন্দ উৎসাহ নিয়ে এ আলোক সজ্জা উপভোগ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সৌদি আরবে বসবাসরত প্রায় ২৫ লক্ষ বাংলাদেশি অভিবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি প্রবাসীদের সৌদি আরবে দেশের ভাবমূর্তি বৃদ্ধির আহবান জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।  তিনি প্রবাসীদের মহান মুক্তিযদ্ধের চেতনায় বাংলাদেশের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহবান জানান রাষ্ট্রদূত।  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসও লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়। এছাড়া সৌদি আরবের বহুল প্রচারিত ইংরেজি পত্রিকা ‘আরব নিউজ’ ও আরবি পত্রিকা ‘ওকাজ’ এ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।  উল্লেখ্য, সৌদি আরবের কিংডম টাওয়ার একশ তলা উচ্চতা বিশিষ্ট। ২০০২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৭শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

▎সর্বশেষ

ad