ডেস্ক নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ অন্যান্য সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কিউটিভি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯






