‘বরিশালের শক্তি সাকিব’

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ০১:২৩:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশালের প্রধান কোচ খালেদ মাহমুদ, ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং পরামর্শক স্টিভ রোডস। খালেদ মাহমুদ ও সালাহউদ্দিনের মধ্যে কে সেরা কোচ, এ নিয়ে মনস্তাত্ত্বিক লড়াই চলে। সেই লড়াইয়ে আজ জয়ী হবেন কে? ফাইনালের আগে বৃহস্পতিবার কুমিল্লার কোচ সালাহউদ্দিন জানালেন, বরিশালের শক্তি তাদের অধিনায়ক সাকিব। তিনি বলেন, “বরিশালের শক্তি হচ্ছে সাকিব।

সাকিবের ‘মাথার’ সঙ্গে আমাদের খেলতে হবে। খুবই ভালো অধিনায়কত্ব করছে সে। তার যতটুকু সামর্থ্য, তার সবটুকু খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। সাকিব মাঠে যে ‘চালাকি’ করে, ব্যাটাররা তা বুঝতে পারে না। সাকিব মাঠে খেলবে, কিন্তু আমি তো খেলতে পারব না।” তিনি বলেন, ‘নিজেদের বোলিং আক্রমণ বরিশাল ভালোভাবে কাজে লাগাচ্ছে। তারা খুব ভালো পরিকল্পনা নিয়ে এ পর্যন্ত খেলেছে।’

ফাইনালের হিসাব আলাদা, এমনটি মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘ফাইনাল সবসময়ই কঠিন। এখানে পুরো টুর্নামেন্টের হিসাব-নিকাশ করাটা ঠিক হবে না। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’ তিনি বলেন, ‘অবশ্যই কুমিল্লা শক্তিশালী দল। তবে আমাদের মনস্তাত্ত্বিক সুবিধা হলো, আমরা এই দলটির সঙ্গে তিনবার খেলে দুবার জিতেছি। ওরা জিতেছে একবার।’

ফাইনালেও দল হিসাবে খেলবে বরিশাল : ফরচুন বরিশালের প্রত্যাশা পূরণ করতে পারেননি নুরুল হাসান সোহান। নিষ্প্রভ তিনি। অবশ্য তার দল বরিশাল আছে ছন্দে। সেটা ধরে রেখেই ফাইনালে জিততে চান এই উইকেটকিপার-ব্যাটার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কাল বরিশালের সহ-অধিনায়ক নুরুল হাসান বলেন, ‘আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেক ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে আরও ভালো লাগবে।’

তিনি বলেন, ‘টি ২০তে সবাই প্রতিদিন রান করবে না। ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, দলীয় খেলা। আমরা দল হিসাবে ভালো খেলছি। ফাইনালে যদি দলের জন্য কিছু করার সুযোগ আসে, দলের জয়ে যেন অবদান রাখতে পারি সেই চেষ্টা করব। হয়তো রান করতে পারিনি। কিপিংয়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে সাকিব ভাই খুব ভালো ফর্মে আছেন। একাই তিনি ২-৩ জনের কাজ করে দিচ্ছেন।’

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২১

▎সর্বশেষ

ad