
স্পোর্টস ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে ৩–০ গোলে হারের পর ক্ষুব্ধ দেখা যায় ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিকে। ম্যাচ চলাকালীন তাকে রেফারির সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা যায়। খেলা শেষের পরও তাকে প্রতিবাদ জানাতে দেখা যায়, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ম্যাচ শেষে দেখা যায়, রেফারি দল স্টেডিয়ামের ভেতরে তাদের কক্ষে প্রবেশ করছে। ওই সময় মেসিও তাদের দিকে এগিয়ে যান। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। তবে সতীর্থ লুইস সুয়ারেজ তাকে ধরে ফিরিয়ে আনেন এবং দুজন একসঙ্গে নিজেদের দলের কক্ষে ফিরে যান।

অনেকের ধারণা ছিল, মেসি রেফারিদের কক্ষে প্রবেশ করেছেন, যা করলে তাকে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারত।তবে বিষয়টি নিয়ে তদন্ত চালায় মেজল লিগ সকার কর্তৃপক্ষ। প্রথমদিকে স্পষ্ট ছিল না, মেসি আসলে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন কি না। তবে তদন্ত শেষে সংশ্লিষ্ট সংস্থা জানায়, তিনি কর্মকর্তাদের বিশ্রামকক্ষে প্রবেশ করেননি এবং নিয়মভঙ্গের মতো কোনো কাজও করেননি। ম্যাচ শেষে কোনো কর্মকর্তাও তার বিরুদ্ধে অভিযোগ করেননি।
এদিকে ‘মায়ামি হেরাল্ড’-এর সাংবাদিক মিচেল কুপম্যান জানান, মেসি যে দরজা দিয়ে গিয়েছিলেন সেটি রেফারিদের কক্ষ ছিল না এবং সেটি নিষিদ্ধ এলাকাও নয়। রেফারিদের কক্ষ ছিল সিঁড়ি বেয়ে ওপরে, আলাদা দরজা ও সতর্কতামূলক চিহ্নসহ। ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে মেসিকে রেফারির ওপর ক্ষুব্ধ হতে দেখেননি বলে জানান। তার ভাষায়, ‘না, আমি কিছু দেখিনি। ম্যাচ শেষ হতেই আমি কক্ষে চলে যাই।’
বর্তমানে শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা আসেনি। সাধারণত পরবর্তী ম্যাচ সপ্তাহের আগেই এ ধরনের সিদ্ধান্ত জানানো হয়। তদন্তে নিয়মভঙ্গের প্রমাণ না পাওয়ায় মেসি নিষেধাজ্ঞা এড়াতে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে তিনি পরবর্তী ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন।
আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ১:২০






