
স্পোর্টস ডেস্ক : প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে ইতালি। আর বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাসও গড়ে ফেললো ইউরোপের দেশটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ইতালির প্রথম জয়। মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়ে ইতালি। প্রথমবার ইউরোপের বাইরের কোনো দেশের বিপক্ষে মাঠে নামে তারা।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নেপাল। মাত্র ৫ রান করে আউট হন কুশল বুর্ত্তাল। ২০ বলে ২০ রান করে আউট হন আরেক ওপেনার আসিফ শেখ। মাত্র ১৪ বলে ২৩ রান করেন দলনেতা রোহিত পোউদেল। আর ১৮ বল খেলে ১৭ রান করেন ডিপেন্দ্রা সিং আইরি। এছাড়া ৩ রান করে করেন লোকেশ বাম ও গুলশান ঝা।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। এছাড়া সন্দীপ লামিচানে ৫ ও কারান সিং কেসি ১৮ রান করেন। রানের দেখা পাননি নন্দন যাদব ও ললিত রাজবংশী। নেপালের ইনিংস থামে ১২৩ রানে।
১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ইতালির দুই ওপেনার জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা। শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে গিয়ে মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি। দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। মাত্র ৪৪ বলে ৬০ রানে জাস্টিন মোস্কা ও মাত্র ৩২ বলে ৬২ রানে অ্যান্টনি মোস্কা অপরাজিত থাকেন।
আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২






