
স্পোর্টস ডস্কে : টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে হয়ত ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ম্যাচই দেখা গেল আজ। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৮৭ রান। জবাবে আফগানিস্তানও সমান ১৮৭ রান করে ম্যাচ টাই করে। সুপার ওভারেও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে ৪ রানে হারিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম ডাবল সুপার ওভারের ঘটনা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সুপার ওভার হয়েছে মোট তিনটি ম্যাচে। এর মধ্যে দুটিতেই ছিল আফগানিস্তান, আর দুবারই হেরেছে তারা। ২০২৪ সালে ভারতের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারেও কোনো দল এগোতে পারেনি। পরবর্তীতে দ্বিতীয় সুপার ওভারে ভারতের কাছে পরাজিত হয় আফগানরা। আর চলতি বিশ্বকাপের ডাবল সুপার ওভারের ম্যাচের ফল তো সবারই জানা।
একটি ম্যাচে সর্বোচ্চ তিনবার সুপার ওভারের নজিরও রয়েছে। ২০২৫ সালের একটি ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচে এই ঘটনা ঘটে। নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস ৭ উইকেটে ১৫২ রান করে। জবাবে নেপাল ৮ উইকেটে সমান ১৫২ রান তোলে। প্রথম সুপার ওভারে নেপাল করে ১৯ রান, ডাচরাও সমান রান করে। দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস তোলে ১৭ রান, নেপালও সেই স্কোরে পৌঁছে যায়। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে, যেখানে জয় পায় নেদারল্যান্ডস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সুপার ওভার অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এক ওভারে ২৫ রান করে নিউজিল্যান্ডকে ১০ রানে হারায়, কিউইরা জবাবে করতে পারে ১৫ রান। ২০০৮ সালে সূচনার পর এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৯টি ম্যাচে সুপার ওভার হয়েছে। সবচেয়ে বেশি আটবার সুপার ওভার খেলেছে নিউজিল্যান্ড, তবে জিতেছে মাত্র একবার। অন্যদিকে ভারত পাঁচবার সুপার ওভার খেলেছে এবং প্রতিবারই জয় পেয়েছে।
খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/রাক ৮:০৫






