তুরস্ক-ইসরাইল সম্পর্ক আবারও তলানিতে

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ - ০১:২৭:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন শনিবার (২৮ অক্টোবর) এক্সে এক পোস্টে বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হবে। তিনি আরও লিখেছেন, ‘তুরস্কের গুরুতর বিবৃতির পরিপ্রেক্ষিতে আমি ইসরাইল ও তুরস্কের মধ্যকার সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিচ্ছি।’

সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখা গেছে তুরস্ককে। এর ফলে দুই দেশের সম্পর্ক অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার ব্যাপারে পশ্চিমা দেশগুলো চুপ থাকলেও মুখ বুজে থাকেনি দেশটির সরকার। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বিমান হামলা ও এই হত্যাযজ্ঞে পশ্চিমাদের নগ্ন সমর্থনের বিরুদ্ধে একের পর এক সমালোচনার তোপে বিদ্ধ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলাকে ‘পাগলামি’ করছে বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে অবিলম্বে এই ‘পাগলামি’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৮ অক্টোবর) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় ইসরাইলের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘গাজায় এখনই পাগলামি বন্ধ কর, হামলা শেষ কর।’
 
তিনি আরও বলেন, ‘গাজায় প্রায় তিন সপ্তাহ ধরে ইসরাইলের বোমাবর্ষণ চলছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে হামলা আরও তীব্র হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী আবারও নারী, শিশু ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। এতে মানবিক সংকট আরও গভীর হবে। ইসরাইলকে অবশ্যই তাদের এই হামলা বন্ধ করতে হবে।’
 
পশ্চিমারা হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিলেও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাদেরকে মুক্তিযোদ্ধা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজার শাসকগোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। বরং তারা একটি স্বাধীনতাকামী সংগঠন, যারা ফিলিস্তিনের মানুষ ও ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।’

 

 

কিউটিভি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad