ইসলাম ধর্মের প্রভাবে সুশৃঙ্খল পাকিস্তান দল, বললেন হেইডেন

Ayesha Siddika | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ - ০৫:৩৭:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দল নিয়ে আলোচনা-সমালোচনা অতীতে কম হয়নি, হয় এখনও। নানা ধরনের বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বসেন ক্রিকেটাররা, এমনকি কম যান না বোর্ড সদস্যরাও। কিন্তু এই পাকিস্তান দলকেই শৃঙ্খলার জন্য প্রশংসায় ভাসালেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের মতে, ইসলাম ধর্ম মানার কারণে সুশৃঙ্খল পাকিস্তান।

পাকিস্তানের বর্তমান এই দলকে খুব কাছ থেকেই দেখেছেন হেইডেন। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচিং স্টাফের সদস্য ছিলেন সাবেক এই ওপেনার। সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং কনসালট্যান্ট ছিলেন হেইডেন। পরের বছর অস্ট্রেলিয়া আসরে দলটির ‘মেন্টর’ ছিলেন তিনি।

হায়দ্রাবাদে মঙ্গলবার পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে ধারাভাষ্য দেন হেইডেন। তার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার রমিজ রাজাও ছিলেন ধারাভাষ্যকক্ষে। তখন হেইডেনের কাছে রমিজ জানতে চান, পাকিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ৫১ বছর বয়সী হেইডেন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি তারা খুব মনোযোগী, যেটা এই দলের মূলভিত্তি। পাকিস্তান দলের খেলোয়াড়েরা জীবনযাপনে খুব শৃঙ্খলাপরায়ন। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা।’

হেইডেন আরও যোগ করেন, ‘আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, নিবেদন থাকতে হবে, ধারাবাহিক হতে হবে—দলের সংস্কৃতিতে এসবই ইসলামের প্রতিনিধিত্ব করে।’অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি ১৪ রানে হারে পাকিস্তান। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয় তারা। তবে ব্যাটিংয়ের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে দলটির। দুটি ম্যাচেই সাড়ে তিনশর কাছাকাছি করেছেন বাবররা। আগামী শুক্রবার হায়দ্রাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপে পাকিস্তানের পথচলা।

 

 

কিউটিভি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad