জাবির লাইব্রেরিতে সিলিং ফ্যান খুলে শিক্ষার্থী আহত

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ - ০৭:৩২:১০ পিএম

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে চলন্ত অবস্থায় সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে লাইব্রেরির দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম আনিসুর রহমান। তিনি ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

লাইব্রেরি সূত্রে জানা যায়, এর আগেও ২০২০ সালের মার্চে লাইব্রেরি ভবনের নিচতলায় চলন্ত ফ্যান খসে পড়ে একজনের মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছিল। প্রায় ৪০-৫০ বছরের পুরনো এই ফ্যানগুলোর অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। তবুও বছরের পর বছর ঝুঁকি নিয়ে লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করছেন শিক্ষার্থীরা।

লাইব্রেরিতে পড়তে আসা এক শিক্ষার্থী বলেন, আমার এবং পাশের ভাইয়ের মাঝখানে ফ্যানটা পড়েছে। ঘুরতে ঘুরতে পড়ায় ওনার মাথায় পাখা লেগেছে। কয়েক সেন্টিমিটারের ব্যবধানে আমি বেঁচে গিয়েছি।

আরেক শিক্ষার্থী বলেন, লাইব্রেরিতে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা আজকে নতুন না। লাইব্রেরির ফ্যান লাইট সবকিছুরই মেইন্টেনেন্স জরুরি হয়ে পড়েছে। অনেক ফ্যান ঠিকমতো ঘুরেই না, অনেক জায়গায় লাইটের অভাব। আবার বিদ্যুৎ গেলে জেনারেটরের সমস্যা। লাইব্রেরির রক্ষণাবেক্ষণের জন্য যে বাজেট হয় সেটার যথাযথ ব্যবহার হলে এমনটা হওয়ার কথা নয়।

এ বিষয়ে লাইব্রেরির অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক মো. সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার পর আমরা তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে কোষাধ্যক্ষ ম্যাডামের সঙ্গে বসেছিলাম। সেখানে আমরা প্রায় ৬০টি ফ্যান এবং ৭০টি লাইট পরিবর্তন করার উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে ফান্ডিংয়ের বিষয়েও কথা চূড়ান্ত হয়েছে। মেরামতের জন্য লাইব্রেরি ২ দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad